• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শুধু আর্থিক নয়, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তাও জরুরি

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৩
আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু আর্থিক নয়, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তাও সমান জরুরি। বাংলাদেশের মতো জলবায়ু ভঙ্গুর দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। তবে বহির্বিশ্ব থেকে সহায়তা না এলে দেশের কৃষক, জেলে ও গ্রামীণ সমাজের প্রাকৃতিক জ্ঞান ও অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহায়তার নীতি পরিবর্তন করলে তা দেশের কোটি মানুষের ওপর বড় প্রভাব ফেলবে। তবে আন্তর্জাতিক সহায়তা না এলেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমাদের স্থানীয় সংস্কৃতি ও বোঝাপড়াকে কেন্দ্র করেই জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অতীতে উপকূলীয় অঞ্চলে পানির সংকটে মানুষ হাত গুটিয়ে বসে থাকেনি। কমিউনিটি নিজেরাই এগিয়ে এসে সস্তায় লবণাক্ততা দূর করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। কিন্তু ভবদহ বা বিল ডাকাতিয়ার মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, দুর্যোগের সময় আমরা অভাবনীয় ঐক্য দেখেছি। এই ঐক্যই আমাদের শক্তি। উন্নয়ন সহযোগীদের সহায়তা সেই ঐক্যকে আরও দৃঢ় করে তুলছে।

উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যরা।

আয়োজকরা জানান, ঢাকায় মানুষের জীবন, জলবায়ু ও সংস্কৃতির পারস্পরিক সংযোগকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করেছে জলবায়ু যোগাযোগ সহযোগী প্রতিষ্ঠান জেনল্যাব। যা সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়িত ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্পের একটি প্রোগ্রাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম