• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন মাহমুদা মিতু

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৫০
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৫০

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন মাহমুদা মিতু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ অধিবেশন চলাকালে টেলিফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু। গত কয়েক দিন ধরে এ ধরনের হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও নানা ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। শুরুতে বিষয়টি তেমন আমলে নেননি তিনি। তবে গত দুই দিন সংসদ অধিবেশন চলাকালে সন্ধ্যার বিরতির সময় একটি চক্র বিকৃত ভাষায় তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে আসছে।

এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও এখন হুমকির মুখে পড়ছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মাহমুদা মিতু অভিযোগ করেন, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে। এসব ঘটনায় কূটনৈতিক ব্যর্থতাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান মাহমুদা মিতু। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাব চাইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।

নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে মাহমুদা মিতু বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়নি। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।

একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করতে হওয়াকেও অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহমুদা মিতু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম