• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৪০
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৪০

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। বর্তমান দুটি টার্মিনালের তুলনায় নতুন টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ বেশি এবং ১৫ বছর পরও এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না বলে দাবি করেছেন তিনি। এ সিদ্ধান্ত বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চাইলেও প্রশ্নের সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে আলাদাভাবে নোটিশ দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। এ পর্যায়ে সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, যে চীনা কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তারা দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।

বিরোধী জোটের এই সংসদ সদস্য বলেন, বর্তমান দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে এগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালটি নির্মাণকারী কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষে এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না।

তিনি আরও অভিযোগ করেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও একই পদ্ধতিতে সংসদের একজন সদস্যের নাতির একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়। কিন্তু পরে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

আখতার হোসেন বলেন, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয়গুলো অনুপাতে বিশ্লেষণ করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ অবস্থায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি, আপনি এই বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন, এটা নোটিশ দেন। সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনও কারণ নেই।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম