শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বেস্ট রিপোটিং এ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতায় গুণগত পরিবর্তন এবং মানোন্নয়নে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবাার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের যৌথ উদ্যোগে আয়োজিত বেস্ট রিপোটিং এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘদিনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, বহুবছর ধরে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে, আন্দোলনের সময়েও ডিআরইউ-এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন এবং সাংবাদিকদের সাথে তাঁর এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
বর্তমান প্রেক্ষাপটে নীতি-নৈতিকতার অধঃপতন ও মোরাল কম্পাস প্রশ্নবিদ্ধ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট শুধু সাংবাদিকদের নয়; রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের ক্ষেত্রেও কমবেশি বিদ্যমান। তবে অনেক সাংবাদিক আছেন যাঁরা সমাজে অনেস্ট ব্রোকার বা সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। সত্য তুলে ধরে জনগণকে অবগত করা এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্যানেলের মাধ্যমে আজকের এই পুরস্কার প্রদান সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
মন্ত্রী বলেন, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সিটিজেন জার্নালিজমের উত্থানে গণমাধ্যমের বর্তমান বিস্তৃতির বেড়েছে। যার জন্য সাংবাদিকতার ক্ষেত্র অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। এই জটিল বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য ও সংবাদ গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার সাথে পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন। তাই সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য ও ক্রেডিবল করা সময়ের দাবি।
রাজনীতিবিদ ও সরকারের সাথে সাংবাদিকদের নিয়মিত পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ওপেন গভর্নেন্স বা খোলামেলা শাসনব্যবস্থার জন্য সকল পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অপরিহার্য। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ, আর স্মার্ট রাজনীতি করতে চাইলে সেই সমালোচনাকে কাজে লাগানো সহজ হয়।
তিনি বলেন, একজন মন্ত্রী বা সরকার হিসেবে আমার নিজস্ব, দলীয় বা প্রাতিষ্ঠানিক ফিডব্যাক থাকলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ইন্টিগ্রিটি বজায় রাখা দরকার ।
মন্ত্রী নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসাথে, বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি সকল পুরস্কারপ্রাপ্ত সাংবাদিককে অভিনন্দন জানান এবং এই উদ্যোগ সাংবাদিকতায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‘ডিগ্রি এক্সচেঞ্জ, সুপার হুজুরের কেরামতি’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ডকুমেন্টারি (অনুসন্ধানী) বিভাগে এবার পুরস্কার অর্জন করেন রাশেদ নিজাম। সাবেক কর্মস্থল যমুনা টেলিভিশনে থাকাকালে তিনি এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করেছিলেন।
এবার প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন বিভাগে মোট ২২ জন সাংবাদিক এই অ্যাওয়ার্ড পেয়েছেন। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করে।
প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য বিভাগে ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), শিক্ষায় দিলীপ কুমার শর্মা (দৈনিক আজকের পত্রিকা), স্বাস্থ্যে সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), বিদ্যুৎ ও জ্বালানিতে মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), আর্থিক খাতে শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), অপরাধ ও আইনশৃঙ্খলায় মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম), আর্থিক অন্তর্ভুক্তি ও আইসিটিতে মিজান চৌধুরী (দ্য ডেইলি আগামীর সময়) এবং রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন বিভাগে দীপন নন্দী (দ্য ডেইলি স্টার)।
এ ছাড়া খেলাধুলায় মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট.কম), সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী) ক্যাটাগরিতে এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকাপোস্ট.কম), নগর সমস্যা ও সম্ভাবনায় মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), পররাষ্ট্র বিষয়ে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) এবং সামষ্টিক অর্থনীতিতে শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা) পুরস্কার পেয়েছেন।
টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিদ্যুৎ ও জ্বালানিতে কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), অপরাধ ও আইনশৃঙ্খলায় আলমগীর হোসেন (যমুনা টিভি), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), কৃষি ও পরিবেশে নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), নারী, শিশু ও মানবাধিকারে মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল ২৪), ডকুমেন্টারি/প্রোগ্রাম (অনুসন্ধানী) ক্যাটাগরিতে রাশেদ নিজাম (যমুনা টিভি) এবং আর্থিক খাত ও সামষ্টিক অর্থনীতিতে রিমন রহমান (যমুনা টিভি) পুরস্কৃত হন।
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।













