• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনাকে তাড়ানোর অন্যতম পরিকল্পনাকারী তারেক রহমান: দুদু

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৩
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও হাসিনাকে তাড়ানোর অন্যতম পরিকল্পনাকারী আমাদের নেতা তারেক রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, শেখ হাসিনার সমর্থিত মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার আমাদের নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল হত্যার উদ্দেশ্যে। তার ওপর ভয়াবহ নির্যাতন করা হয়েছিল, তারপরও তিনি তার আদর্শ থেকে, নীতি থেকে, লক্ষ্য থেকে একচুলও নড়েননি।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যার কাছে আমরা আশা করেছিলাম স্বাধীনতার ঘোষণা আসবে, কিন্তু তিনি পালিয়ে ছিলেন পাকিস্তানে। তারপরে ধূমকেতুর মতো একজন আসলেন স্বাধীনতার ঘোষণা করে বললেন—আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা করছি। তিনি রণাঙ্গনের যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার চাকরিতে ফিরে গিয়েছিলেন। আবার যখন দেশের পরিস্থিতি ভালো ছিল না, তখন তিনি দেশের হাল ধরেন। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, দেশ তখন স্বৈরাচারের কবলে। তখন দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটান তিনি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আবার দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পরে দেশ এখন স্বৈরাচারমুক্ত হয়েছে। এই আন্দোলন-সংগ্রামের যে সুন্দর পরিকল্পনা করেছিলেন এবং হাসিনাকে কিভাবে তাড়াতে হয় তার অন্যতম পরিকল্পনাকারী আমাদের নেতা তারেক রহমান। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান—এই নামগুলিই বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, তা দেশের জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুরকার ও গীতিকার ইথুন বাবু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম