আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ড্রোন তৈরির একটি কারখানায় অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ করার পর রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এ হামলার নির্দেশ দিয়েছিল।
এ ঘটনায় এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বৃহত্তর শত্রুতামূলক তৎপরতার অংশ হিসেবে এ ঘটনাকে দেখছে এস্তোনিয়া।
তাল্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে এস্তোনিয়া-রাশিয়া সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে।’ জিআরইউ হামলার নির্দেশ দিয়েছিল এমন ‘স্পষ্ট প্রমাণের’ ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এস্তোনিয়া সত্যিই সব সীমান্তপথ বন্ধ করার পরিকল্পনা করছে কি না, তা যাচাই করে দেখার কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বার্তা সংস্থা তাস-কে বলেন, ‘এটি সত্য কি না, তা আমরা যাচাই করে দেখব।’
তিনি আরও বলেন, ‘তবে এগুলো যদি তাদের (এস্তোনিয়ার) প্রকৃত পরিকল্পনা হয়, তাহলে একে রুশবিরোধী আগ্রাসী ও লাগামহীন মনোভাবের আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হবে।’
এর আগে রবিবার এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, শনিবার রাতে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে ‘নাশকতার চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছিল জিআরইউ।
তিনি বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। হামলাকারীদের আটক করা হয়েছে।’
রাজধানী তাল্লিনের উত্তরে ভিমসি এলাকায় এ হামলার চেষ্টা নস্যাৎ করা হয়।
পরে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী সাখনা বলেন, ‘এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিণতি যে ভোগ করতে হবে, তা রাশিয়াকে বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভয় দেখানো, অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা আমাদের নিরাপত্তা দুর্বল করার যেকোনো চেষ্টার জবাব দেওয়া হবে।’
সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়টি তিনি ফিনল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদেরও জানিয়েছেন।
দেশটির প্রধান কৌঁসুলি অ্যাস্ট্রিড আসি সাংবাদিকদের জানান, নিরাপত্তা বাহিনী লাটভিয়ায় বসবাসকারী আটজনকে গ্রেফতার করেছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর সদস্য এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার বর্তমানে নারভা, লুহামা ও কোইদুলা এই তিনটি সীমান্তপথ চালু রয়েছে। এসব পথ দিয়ে দুই দেশের মধ্যে মানুষ ও পণ্য চলাচল করে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া নারভা সীমান্ত দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তবে পথচারীদের চলাচল অব্যাহত ছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পরও চালু থাকা রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার স্থলপথের মধ্যে এ সীমান্তপথগুলো অন্যতম কয়েকটি।













