শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। যারা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
এ সময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্ব দেন তিনি।
সোমবার সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক। পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি পরিচয়পত্র পেশ করেন।
এর আগে, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।
বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানে তার দেশের আগ্রহের কথা জানান। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী সাম্প্রতিক নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।
ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
এ ছাড়া সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।
রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস












