• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগ সরকারের আয়ু আর মাত্র ৩০ দিন: ফরহাদ

প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৩
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৩

 

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আয়ু আর মাত্র ৩০ দিন বলে দাবি করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেছেন, বিরোধী দলগুলোর চলমান জনসম্পৃক্ত যুগপৎ আন্দোলনে আগামী ৩০ দিনের মধ্যে এ সরকারের পতন ঘটবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আর একবার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা আমেরিকায় গিয়ে ধরনা দিচ্ছেন। তবে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তারা আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সুতরাং সরকারের পতন সন্নিকটে।

তিনি সরকারকে অবিলম্বে এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় জনগণ সরকারকে দাবি মানতে বাধ্য করবে। তখন ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ড. ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। নইলে বেগম জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে।

তিনি খালেদা জিয়ার পাশাপাশি কারাবন্দি আলেম-ওলামাসহ গণতন্ত্রকামী সবার মুক্তি দাবি করেন।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক আ ফ ম ইউসুফ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম