• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০২
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০২

 

আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে চিকিৎসার নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীদের নাম লেখা যাবে না। হাসপাতালে নারী রোগীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশও দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগান অনলাইন সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বালখ প্রদেশের হাসপাতালকর্মীদের নারী রোগীদের ‘বিবি’ বলে ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানে ‘বিবি’ শব্দটি সাধারণত সব বয়সি নারীর প্রতি সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়। তবে শব্দটির অর্থ অনেকটা ‘দাদি’ বা ‘নানি’র কাছাকাছি।

স্পেনভিত্তিক সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, বিভিন্ন নারী ও অধিকারকর্মীর বক্তব্যে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের বোঝাতে ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করছেন।

তালেবানের নারী অধিকারবিরোধী নীতির কারণে আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নারীরা সীমিত স্বাস্থ্যসেবার কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।

কুনার প্রদেশের এক নারী জাতিসংঘকে জানিয়েছেন, চিকিৎসার সুযোগ না পাওয়ায় তাকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

দেশটির অনেক প্রদেশে নারী রোগীদের চিকিৎসা দিতে পুরুষ চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। অথচ আফগানিস্তানে স্বাস্থ্যসেবা খাতই হাতে গোনা কয়েকটি ক্ষেত্রের একটি, যেখানে নারীদের কাজ করার অনুমতি রয়েছে।

এর মধ্যেই ২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার।

তালেবানের এসব সিদ্ধান্তের ফলে আফগানিস্তানে নারী স্বাস্থ্যকর্মীর সংকট আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এ পরিস্থিতিকে ‘দ্বিমুখী সংকট’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির সতর্কতা, প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীরা অবসরে যাচ্ছেন কিংবা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু তাদের জায়গা পূরণ করার জন্য নতুন করে কোনো নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না।

দেশটির অধিকাংশ এলাকায় পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় ভবিষ্যতে আফগান নারীদের কার্যত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগই বন্ধ হয়ে যেতে পারে।

বালখ প্রদেশে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার আগেও আফগানিস্তানের নারীদের সরকারি নথি সংগ্রহ করতে নানা বাধার মুখে পড়তে হতো।

জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচয়পত্রসহ নাগরিকত্বসংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করতে নারীদের সঙ্গে একজন পুরুষ অভিভাবক বা স্বজন থাকা বাধ্যতামূলক।

তবে দীর্ঘ সময় ধরে দাপ্তরিক প্রক্রিয়া চলা, দূরবর্তী এলাকায় যাতায়াত এবং এ সময় উপার্জনের সুযোগ হারানোর আশঙ্কায় অনেক পুরুষ স্বজন নারীদের সঙ্গে যেতে চান না।

এ ছাড়া অনেকের ধারণা, যেহেতু অধিকাংশ নারীকে কাজ করার অনুমতি দেওয়া হয় না, তাই তাদের সরকারি নথিরও প্রয়োজন নেই।

নারীপ্রধান পরিবারগুলোর ভোগান্তি আরও বেশি। এসব পরিবারের নারীদের সঙ্গে যাওয়ার মতো কোনো পুরুষ অভিভাবক না থাকায় নিজেদের কিংবা সন্তানদের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে।

অথচ চিকিৎসাসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং ব্যাংক হিসাব খোলার মতো মৌলিক সেবা পেতে এসব নাগরিক নথি অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: দ্য নিউ আরব

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম