কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সাম্প্রতিক সহিংসতার পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত এই শক্তি প্রতিরোধের পাশাপাশি বিজয়ের মাস উদযাপনে পুরো ডিসেম্বরজুড়ে রাজপথে নামছে প্রধান দলগুলো।
পাশাপাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিসেম্বরে সহিংসতা ও নাশকতা চালাতে পারেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান—রয়টার্সের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং আওয়ামী লীগকে মোকাবিলায় ইতোমধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে।
রাজনৈতিক কর্মসূচি
ডিসেম্বরকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি, বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলাদা আলাদা কর্মসূচি দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বিএনপির কর্মসূচি। জামায়াত ৪০ দিনের কর্মসূচি নিয়েছে, আর এনসিপি ৬৪ জেলা ও ১৩ মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিজয় র্যালি করবে।












