• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগকে রাজনীতি করার সুযোগ করে দেয়ার অভিযোগ সঠিক নয়: ফখরুল

প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ৬:০৭
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ৬:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি- এমন অভিযোগে গতকাল মঙ্গলবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা। এনিয়ে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন।

তবে বিএনপি দেশের মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে এমন অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই অভিযোগ সঠিক নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটি সঠিক না।”

তিনি বলেন, “আমরা বলেছি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।

বুধবার (২০ নভেম্বর) ফেনীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিলো যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন – বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে।

প্রধান উপদেষ্টার বলা সেই বক্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই, হাসিনাসহ, সকলকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে।

তিনি আরো বলেন, “জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কাকে রাজনীতি করতে দিবেন, কাকে দিবেন না।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম