• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মিলনের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি আজও মেলেনি, আক্ষেপ মায়ের

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪০
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪০

 

নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহিদ চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের ৩৬ বছর পেরিয়ে গেলেও তার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি বলে আক্ষেপ করেছেন তার মা সেলিনা আক্তার। মিলনের স্মৃতি ধরে রাখতে একটি সড়ক অথবা ঢাকা মেডিকেল কলেজের সামনের কোনো স্থাপনার নাম তার নামে করার জন্য বারবার আবেদন জানালেও তা বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে ছেলের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

সেলিনা আক্তার বলেন, ‘মিলনের আদর্শ ও স্বপ্ন বাংলাদেশের সমাজতান্ত্রিক বিপ্লবীরা যেমন জানেন, তেমনি জানেন দেশের চিকিৎসক সমাজের মানুষও। বৈষম্যহীন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের পাশাপাশি শৃঙ্খলিত ও বাক্‌স্বাধীনতাহীন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ছিল তার। চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার পাশাপাশি মানুষের স্বাস্থ্য অধিকার ও রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন মিলন। পিছিয়ে পড়া ও নিপীড়িত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা দিতে তিনি সংগ্রামে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।’

তিনি বলেন, ‘দেশের মানুষের কল্যাণে মিলনের সেই রাজনৈতিক সংগ্রাম অপশক্তির কারণে মাঝপথে থেমে যায়। ২৭ নভেম্বর রাজপথে তাকে প্রাণ দিতে হয়। ফলে মিলনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।’

তিনি বলেন, ‘মিলনের রক্তের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে আবারও স্বপ্ন পূরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশাও কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ ও মীরজাফরের কারণে বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শহিদ মিলনের মা বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। পরাজিত শক্তি দেশজুড়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করছে এবং দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাই সবাইকে সর্বশক্তি দিয়ে সজাগ থাকতে হবে, যাতে পরাজিত শক্তি আবার ফিরে আসতে না পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন না হয়।’

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘গত ৩৫ বছরে দুটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও কোনোটিই মিলনের আত্মদানের যথাযথ স্বীকৃতি দেয়নি। মিলনের স্মৃতি বাঁচিয়ে রাখতে একটি সড়ক কিংবা ঢাকা মেডিকেল কলেজের সামনের কোনো স্থাপনা তার নামে করার জন্য বারবার আবেদন জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিষয়টি তাকে গভীরভাবে ব্যথিত করে।’

তিনি বলেন, ‘মিলনের মতো মানুষের জন্য রাজনীতি করা, দুস্থ মানুষের কল্যাণ কামনা করা এবং অসহায় মানুষের দুঃখে ব্যথিত হওয়া ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এমন একজন মানুষকে ইতিহাসে বাঁচিয়ে রাখতে হলে তার স্মৃতি ও পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ পর্যন্ত মিলনের স্মৃতি সংরক্ষণে যা কিছু করা হয়েছে, তার বেশির ভাগই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও মিলন পরিষদের উদ্যোগ ও অর্থায়নে হয়েছে।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি প্রশ্ন রাখেন, মিলনের আত্মদান কি রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাওয়ার যোগ্য নয়? এ বিষয়ে সরকার কি এগিয়ে আসবে?

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম