• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র দেখতে চান আইনজীবী কল্যাণ সমিতির সদস্যরা

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৬:২৩
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৬:২৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দেখতে চান বৃহত্তর ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজিত বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ইশরাক হোসেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আইনজীবীদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আন্দোলনের কঠিন সময়ে আইনজীবীরা তাদের আইনি সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাদের এই অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয়। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার আদালত এলাকা আমার নির্বাচনী এলাকার সঙ্গে পড়েছে। এ কারণে আপনাদের অনেকের সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্যতার সম্পর্ক রয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বারবার যখন আদালতের বারান্দায় গিয়েছি, তখন আপনারাই ছিলেন আমাদের আশ্রয়স্থল। আপনাদের ওপর ভরসা করেই আমরা সেখানে যেতাম।’

তিনি বলেন, আন্দোলনের সময় তাকে এবং তার মতো অসংখ্য আন্দোলনকারীকে জেল-জুলুম ও নির্যাতন থেকে রক্ষা করতে আইনজীবীরা আইনি সহায়তা দিয়েছেন। এ জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

একটি ঘটনার স্মৃতিচারণা করে ইশরাক বলেন, ‘একবার আমাকে কাস্টডিতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন অ্যাডভোকেট জসিম ভাইয়ের নেতৃত্বে একদল আইনজীবী আদালতকক্ষের মধ্যেই প্রতিবাদ করেন। পরে আদালতের সামনে আমাকে প্রথমবার গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আইনজীবী সমিতির সদস্যরা মিছিল করেছিলেন। এ রকম বহু স্মৃতি আপনাদের সঙ্গে রয়েছে। এগুলো কোনো দিন ভুলে যাওয়ার নয়।’

ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। কিন্তু এর অর্থ এই নয় যে আইনজীবীদের অবদান ভুলে যাওয়া হয়েছে। তাদের অবদান সব সময় স্মরণ করা হবে।

আগামী দিনের দায়িত্বশীল রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মাদকের বিরুদ্ধে তিনি যে যুদ্ধ ঘোষণা করেছেন, তা অব্যাহত থাকবে। এই যুদ্ধ সারা দেশে ছড়িয়ে দিয়ে মরণনেশা মাদক থেকে জাতিকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত রয়েছি। আমাদের দেশকে আমরা মায়ের মতো ভালোবাসি। অতন্দ্র প্রহরীর মতো এই দেশকে রক্ষায় যা যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার তা করে যাচ্ছে।’

আইনজীবীদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়ার নাম ঘোষণা করা হয়। সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে সৈয়দ নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি সমিতির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত আইনজীবীদের নামও ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম