শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা, রমনা, হাতিরঝিল ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দে লোকজন ছোটাছুটি শুরু করেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দে লোকজন ছোটাছুটি শুরু করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি।
একই রাতে রমনা থানার মগবাজার এলাকায় আকিজ মোটরসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
এদিকে মোহাম্মদপুরের বসিলা রোড ও কাজী নজরুল ইসলাম রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে বসিলা রোডে যাত্রীছাউনির সামনে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে বসিলা রোডে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রাত ১১টা ৫৮ মিনিটের দিকে সূচনা কমিউনিটি সেন্টারের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, কাজী নজরুল ইসলাম রোডে রাত ১০টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
অন্যদিকে, হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।













