বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রম্যা কৃষ্ণনের অভিনয়জীবন চার দশকেরও বেশি সময়ের। ‘বাহুবলী’ সিনেমায় শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পেলেও ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। মাত্র ১৪ বছর বয়সে শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার ডান পায়ের মাঝামাঝি অংশে গুরুতর ফ্র্যাকচার হয়। চিকিৎসকরাও আশঙ্কা করেছিলেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন কিনা। সম্প্রতি এক পডকাস্টে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেন রম্যা। তিনি বলেন, ১৯৮৭ সালে একটি সিনেমার শুটিং চলাকালে ঘটনাটি ঘটে। তখন রাতভর শুটিংয়ের সঙ্গে অভ্যস্ত ছিলেন না তিনি। সুযোগ পেলেই সেটের কোথাও ঘুমিয়ে পড়তেন। একদিন সিঁড়ি দিয়ে ওঠার আগে ডান পায়ে তীব্র আঘাত অনুভব করেন। মুহূর্তেই পা অস্বাভাবিকভাবে বেঁকে যায়।
অভিনেত্রীর ভাষ্য, পায়ের ওই অংশে জয়েন্ট না থাকায় চিকিৎসকরা তার স্বাভাবিকভাবে হাঁটতে পারা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সুস্থ হওয়ার পর তার এক্স-রে দেখে চিকিৎসক বিস্মিত হন। চিকিৎসক বলেছিলেন, ঘটনাটি বিজ্ঞানের প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলে। দুর্ঘটনার পরও অভিনয় ও নাচ চালিয়ে যান রম্যা। তার কথায়, এ ঘটনার পরই ক্যারিয়ারের মূল পথচলা শুরু হয়। ১৯৮৪ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও প্রথম কয়েক বছর তামিল ও তেলেগু ছবিতে সাফল্য পাননি। ১৯৮৯ সালে ‘সুত্রাধারুলু’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। এরপর বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে ৫৬ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে রয়েছে বিভিন্ন ভাষার ছয়টি সিনেমা। শিবগামী চরিত্রের মাধ্যমে পাওয়া জনপ্রিয়তার পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।













