• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১লা ডিসেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ মাস জুড়ে রাজপথে থাকবে বিএনপি

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:১৪
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:১৪

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তা ইস্যুতে পরীক্ষায় বিএনপি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ডিসেম্বর মাস জুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা রুখতে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির
রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে রাজপথে ধারাবাহিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা এবং নেতাকর্মীদের রাজপথে রাখার পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করছেন হাইকমান্ড। ১লা ডিসেম্বর রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্যদিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে ক্ষমতাসীন দলটি। সোহ্রাওয়ার্দীর সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি যাতে না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া উস্কানিতে পা না দিয়ে পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

সম্প্রতি জাতীয় সংসদে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ডিসেম্বরে বিএনপি’র পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাস জুড়ে পৃথক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙ্গা রাখতে চায় বিএনপি’র শীর্ষ নেতৃত্ব। ওদিকে বিএনপি’র সংসদীয় দলের বৈঠকেও এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই এমপিদের অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদেরও রাজপথে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও সামনে রাখতে চায় বিএনপি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। তবে সহ্যের একটা সীমা আছে। সহ্যের সীমা অতিক্রম হলে কোনো ছাড়া দেয়া হবে না। একটা অনৈতিক ও গুন্ডা সরকার নৈরাজ্য করে আবার ক্ষমতা দখল করবে, সেটা বাংলাদেশে কখনো হয়নি। আর হবেও না। দেশের মানুষ ব্যাপকভাবে প্রতিরোধ করবে। আর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক প্রস্তুতি রয়েছে।

ডিসেম্বর মাস জুড়ে বিএনপি’র কর্মসূচির মধ্যে রয়েছে- ১লা ডিসেম্বর মাসব্যাপী বিজয় উৎসবের কর্মসূচি উদ্বোধন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহ্রাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ৩রা ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে কর্মসূচি, ৪ঠা ডিসেম্বরও কর্মসূচি দেবে দলটি। তবে আপাতত এদিন কোনো কর্মসূচি রাখা হয়নি। ৫ই ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি, ৬ই ডিসেম্বর গণ-অভ্যুত্থান দিবস (স্বৈরাচার এরশাদ পতন দিবস) উপলক্ষে কর্মসূচি পালন করবে বিএনপি, ৭ই ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কর্মসূচি, ৮ই ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচি, ৯ই ডিসেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে বিএনপি।
১২ই ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কর্মসূচি করবে, ১৩ই ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী’ দিবস উপলক্ষে আলোচনা সভা করবে বিএনপি, ১৪ই ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী’ দিবস পালন করবে দলটি, ১৫ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করবে বিএনপি, ১৬ই ডিসেম্বর ‘বিজয় দিবস’ রাষ্ট্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে, ১৭ই ডিসেম্বর ‘বিজয় দিবস’ উপলক্ষে বিজয় র‌্যালি করবে বিএনপি, ১৮ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সমাবেশ, ২০শে ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া ২১শে ডিসেম্বর যুবদল কর্মসূচি পালন করবে, ২২শে ডিসেম্বর ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হবে, ২৩শে ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাস কর্মসূচি পালন করবে, ২৫শে ডিসেম্বর ‘প্রধানমন্ত্রী তারেক রহমান’-এর দেশে ফেরা দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে বিএনপি, ২৬শে ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে নয়াপল্টন থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত ‘পদযাত্রা’ কর্মসূচি, ২৭শে ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা, ২৮শে ডিসেম্বর ‘নাগরিক শোকসভা এবং ২৯শে ডিসেম্বরও কর্মসূচি পালন করবে বিএনপি। তবে এদিন ফাঁকা রাখা হয়েছে। এ ছাড়া ৩০শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করবে বিএনপি।

নয়াপল্টনে যৌথসভা
এদিকে বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি নির্ধারণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা জেলার আওতাধীন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরাও সভায় অংশ নেন। যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী ১লা ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম