বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরেও জায়গা করে নিয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাটি।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক)’ প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘বনলতা সেন’। একই উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের আরেক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর আগে আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয় ‘বনলতা সেন’।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। কবির জীবনের দীর্ঘ সময় কেটেছে কলকাতায়। ফলে তাঁর সাহিত্য ও স্মৃতিবিজড়িত সেই শহরের চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতা।
এ প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়া তাঁদের জন্য বিশেষ আনন্দের। কবির সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তাই শহরটিতে ছবিটি প্রদর্শনের অনুভূতি আলাদা। কলকাতার বাঙালি দর্শক তাঁদের নির্মিত ‘বনলতা সেন’কে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হওয়া একাধিক চলচ্চিত্র। এশিয়ার স্বতন্ত্র ধারার সিনেমাকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা (নেটপ্যাক)।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর ‘বনলতা সেন’ নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার এবং মহীন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। অন্যান্য চরিত্রে দেখা যাবে নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজকে।
রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত সিনেমাটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার।
সিনেমাটিতে রয়েছে দুটি গান। ‘এখানে কেউ নেই’ শিরোনামের গানটির কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে, জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানটির সুর করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।













