• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৪২
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৪২

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?
 

কানাডায় পাড়ি জমিয়ে স্থায়ীভাবে থিতু হওয়ার স্বপ্ন যাদের, তাদের জন্য ভেসে এল এক দারুণ সুসংবাদ! দেশটির গ্রামীণ ও ছোট শহর কেন্দ্রিক জনপ্রিয় অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) এবার পরীক্ষামূলক ধাপ পেরিয়ে পুরোপুরি স্থায়ী কর্মসূচিতে রূপ নিতে যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে। মূলত প্রত্যন্ত অঞ্চলের শ্রমবাজার চাঙ্গা রাখতে এবং দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করতেই কানাডা সরকারের এই উদ্যোগ।

পরিকল্পনা করা হয়েছে, কর্মসূচির প্রথম বছরেই প্রায় সাড়ে পাঁচ হাজার দক্ষ কর্মীকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়া হবে। ফলে অটোয়া বা টরন্টোর মতো বড় শহরগুলোর বাইরে থাকা ছোট ছোট সুন্দর শহরগুলোতে তৈরি হবে স্থায়ীভাবে থাকার নতুন এক পথ।
প্রাথমিকভাবে আগের পাইলট প্রজেক্টের আওতাভুক্ত ১৪টি এলাকাকে এই কর্মসূচিতে রাখা হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াডের মতো মনোরম এলাকাগুলো। এছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং নোভা স্কশিয়ার বেশ কিছু ছোট শহরও এই সুযোগের আওতায় আসছে।

আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন

এ কর্মসূচিতে আবেদনের জন্য প্রথম ও প্রধান শর্ত হলো—তালিকাভুক্ত এলাকাগুলোর কোনো অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে কাজের বৈধ অফার লেটার বা চাকরির প্রস্তাব থাকতে হবে। একই সঙ্গে সেই এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ জোগাড় করতে হবে।

অভিজ্ঞতার ঝুলিতে থাকতে হবে অন্তত এক বছরের কাজ। অর্থাৎ, বিগত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় নূন্যতম ১ হাজার ৫৬০ ঘণ্টা বেতনভুক্ত হিসেবে কাজ করার অভিজ্ঞতা দেখানো বাধ্যতামূলক। পাশাপাশি ইংরেজি বা ফরাসি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় গিয়ে পরিবার নিয়ে টিকে থাকার মতো প্রয়োজনীয় আর্থিক সংস্থান বা জমানো টাকার প্রমাণপত্র জমা দিতে হবে।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পেশার ধরন অনুযায়ী ভিন্নতা রয়েছে। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের ভাষাগত দক্ষতা প্রয়োজন।

বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।

যেভাবে আবেদন করতে হবে

প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।

আবেদনকারীর হয়ে সরাসরি সেই নিয়োগকর্তাই প্রথম পদক্ষেপটি নেবেন— তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশপত্রের জন্য আবেদন জানাবেন। এরপর কমিউনিটির সবুজ সংকেত বা অনুমোদন মিললেই আবেদনকারী কানাডার অভিবাসন সংস্থার (আইআরসিসি) কাছে স্থায়ী বসবাসের জন্য চূড়ান্ত ফাইল জমা দেওয়ার সুযোগ পাবেন।

তবে চাইলেই যে কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব নিয়ে এখানে আবেদন করা যাবে না। প্রথমত, নিয়োগকর্তাকে অবশ্যই ওই নির্দিষ্ট কমিউনিটি দ্বারা স্বীকৃত বা অনুমোদিত হতে হবে। আর দ্বিতীয়ত, অফার করা চাকরিটি ওই এলাকার চাহিদাসম্পন্ন বা অগ্রাধিকারপ্রাপ্ত পেশার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম