• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কে হচ্ছেন নতুন জেমস বন্ড? গোপনে অডিশন দিলেন যে দুই হলিউড তারকা

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৪০
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৪০

কে হচ্ছেন নতুন জেমস বন্ড
 

জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। প্রতি সপ্তাহেই নতুন নতুন গুঞ্জন শোনা যায়। তবে সম্প্রতি হলিউডের দুটি বড় সংবাদমাধ্যম—ডেডলাইন ও ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, বন্ড হওয়ার দৌড়ে এবার যুক্ত হয়েছেন এমন দুজন তারকা, যা পুরো কাস্টিং প্রক্রিয়াই ওলটপালট করে দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হলিউডের জনপ্রিয় দুই প্রতিষ্ঠিত অভিনেতা—রবার্ট প্যাটিনসন (৪০) এবং নিকোলাস হোল্ট (৩৬)—গোপনে জেমস বন্ডের জন্য অডিশন দিয়েছেন। এর ফলে বন্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীর সংখ্যা এখন দাঁড়িয়েছে পাঁচে।

নিকোলাস হোল্ট যেখানে এক্স-মেন, ম্যাড ম্যাক্স এবং সুপারম্যানের মতো ফ্র্যাঞ্চাইজিতে নিজের জাত চিনিয়েছেন, সেখানে রবার্ট প্যাটিনসনের নাম তো প্রায় সবার মুখেই শোনা যায়। ‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’খ্যাত এই অভিনেতা এখন হলিউডের অন্যতম সফল তারকা এবং বর্তমানের ‘ব্যাটম্যান’।

চলতি বছরটা প্যাটিনসনের জন্য দারুণ ব্যস্ত ও সফল কাটছে। এর মধ্যে তিনি কাজ করেছেন পরিচালক ক্রিস্টোফার নোলান ও ডেনিশ ভিলেনিউভের মতো নির্মাতাদের সঙ্গে। বিশেষ করে, আসন্ন জেমস বন্ড সিনেমা তথা ‘বন্ড ২৬’-এর পরিচালক ডেনিশ ভিলেনিউভ-এর ‘ড্যুন: পার্ট থ্রি’-তে প্যাটিনসনের অভিনয় করার কথা রয়েছে। এই সুবাদেই অনেকে মনে করছেন যে, বন্ডের দৌড়ে প্যাটিনসন অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন এবং তিনিই নতুন ফেভারিট।

জেমস বন্ড সিরিজের একটি পুরনো নিয়ম রয়েছে—নতুন কাউকে সুযোগ দেওয়া। শন কনরি থেকে শুরু করে পিয়ার্স ব্রসনান—অধিকাংশ বন্ড অভিনেতাকেই কাস্টিংয়ের আগে খুব বেশি মানুষ চিনত না। তবে ড্যানিয়েল ক্রেগই প্রথম কিছুটা পরিচিতি নিয়ে বন্ড ফ্র্যাঞ্চাইজিতে এসেছিলেন।

সাধারণত নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত মুখকেই পছন্দ করেন প্রযোজকরা। কারণ, প্রতিষ্ঠিত তারকারা বেশি পারিশ্রমিক দাবি করেন এবং দর্শকের মনে তাদের পুরনো চরিত্রের প্রভাব থাকে। তবে আমাজন স্টুডিওস ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটিভ নিয়ন্ত্রণ নেওয়ার পর কি সেই পুরনো ধারা ভেঙে এবার কোনো মেগাস্টারকে বেছে নেবে? এই প্রশ্নই এখন সবার মুখে।

সিনেমার ভবিষ্যৎ ও মুক্তির সম্ভাব্য সময়

বন্ডের সাবেক কাস্টিং ডিরেক্টর ডেবি ম্যাকউইলিয়ামস মনে করেন, একজন স্পাই বা গুপ্তচরের চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে দর্শকদের ধারণা কম থাকাই ভালো, যাতে তাকে নিখাদ রহস্যময় মনে হয়। এখন দেখার বিষয়, বর্তমানের ‘ব্যাটম্যান’ খ্যাত প্যাটিনসন বা হোল্ট সেই রহস্য ধরে রাখতে পারেন কিনা।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বন্ড ২৬’ সিনেমাটি পরিচালনা করবেন ডেনিশ ভিলেনিউভ এবং এর চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট।

প্রযোজক এমি প্যাসকেল জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে পরবর্তী জেমস বন্ডের নাম ঘোষণা করা হতে পারে। ২০২৭ সালে শুটিং শুরু হয়ে সিনেমাটি ২০২৮ সালের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম