• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জ্বালানি সংকটে বিকল্প উৎসে গুরুত্ব, পোশাক খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৮
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় শিল্প খাতে বিকল্প জ্বালানি ব্যবহারের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সৌরবিদ্যুৎসহ বিকল্প উৎস ব্যবহারে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পোশাক খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সংশ্লিষ্ট সবপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্গে যুক্ত সবাই যেন সমানভাবে উপকৃত হতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে সরকার ব্যবসা ও শিল্পবান্ধব নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্য খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিনিয়োগ ও শিল্পের বিকাশে অর্থায়নের সুযোগ সহজ করা জরুরি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রাষ্ট্রপতি শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের অর্থনীতির গতি সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ধন্যবাদ জানান।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধান করা উচিত।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম