শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে চলমান অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুরে ১৯ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য শিল্পকারখানা ও মহাসড়কে নিবিড় টহল দিচ্ছেন। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ স্ট্রাইকিং টিমগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
দুর্বৃত্তদের হামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন সদস্য আহত হওয়া সত্ত্বেও দমে যাননি আনসার ব্যাটালিয়নের অকুতোভয় বীর সিপাহিরা। বরং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও জনসাধারণের জানমালের সুরক্ষায় তারা রাজপথে দৃঢ়তার সঙ্গে অবিচল রয়েছেন।
বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ এই ৯ জেলায় মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুটি করে প্লাটুন মোতায়েন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে দুর্বৃত্তদের সৃষ্ট নানা রকমের প্রতিবন্ধকতা অপসারণ, অগ্নিনির্বাপণ এবং নারী ও শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণে দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা রাখছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সরাসরি তদারকিতে দেশের অর্থনীতির প্রাণশক্তি শিল্পাঞ্চল ও দেশজুড়ে জননিরাপত্তা রক্ষায় এই দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।













