মুন্সিগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, ওই টাকায় স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল তুলে দেওয়া হচ্ছে। পেট্রোল ছিটিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া এবং বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লৌহজং উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, “তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী। ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। রিকশাচালক ও শ্রমিকদেরও হত্যা করেছে।”
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা জনগণ ও ছাত্রদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। কিন্তু হত্যার নেশা, রক্তের স্বাদ তাঁর যায়নি। তিনি আরও রক্ত পান করতে চান। তাই এখন যারা বাংলাদেশে আছে, তাদের কাছে টাকা পাঠাচ্ছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বলছেন।”
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে এত আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না।
তিনি বলেন, “শেখ হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












