ক্রাইস্টচার্চের উইকেট পেসারদের জন্য যথেষ্ট সহায়ক। বল কখনো লাফিয়ে উঠছে, কখনো সিম মুভমেন্টে বিভ্রান্ত করছে ব্যাটসম্যানদের। কিন্তু একই উইকেটে দুই দলের ব্যাটিংয়ের চিত্র একেবারেই ভিন্ন। নিউজিল্যান্ডের শেষ পাঁচ ব্যাটসম্যান যেখানে যোগ করেছেন ১১০ রান, সেখানে ভারতের প্রথম পাঁচ উইকেটই পড়ে গেছে ১০৪ রানের মধ্যে। দ্বিতীয় দিন শেষেই ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।
শনিবার হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬ রান। প্রথম ইনিংসে এখনো ২৪০ রানে পিছিয়ে শুভমান গিলের দল। চার উইকেট হাতে নিয়ে ফলোঅন এড়াতেই আরও ৪১ রান করতে হবে ভারতকে।
দিনের শুরুতে অবশ্য ভারতের সামনে সুযোগ ছিল নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেওয়ার। আগের দিনের ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা স্বাগতিকেরা শুরুতেই হারায় গ্লেন ফিলিপসকে। রাতের অপরাজিত সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ করার আগেই অংশুল কাম্বোজের দুর্দান্ত এক বলে আউট হন তিনি।
তবে ফিলিপসের বিদায়ে তৈরি হওয়া চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। টম ব্লান্ডেলের নেতৃত্বে নিউজিল্যান্ডের নিচের সারির ব্যাটসম্যানরা ধীরে ধীরে সংগ্রহ বাড়িয়েছেন। সপ্তম, অষ্টম ও নবম উইকেটে যথাক্রমে ৪৪, ৩৩ ও ৪২ রানের জুটি গড়ে স্বাগতিকরা। এর মধ্যে ম্যাট হেনরির তিনটি ক্যাচ ছেড়ে নিউজিল্যান্ডকে বাড়তি রান করার সুযোগও দিয়েছেন ভারতীয় ফিল্ডাররা।
আকাশ দীপ শেষ পর্যন্ত পাঁচ উইকেট পেলেও সতীর্থদের ব্যর্থতায় তার সাফল্যের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়েছে। অন্যদিকে যশপ্রীত বুমরা ছিলেন যথেষ্ট নিয়ন্ত্রিত, ওভারপ্রতি দুই রানেরও কম দিয়েছেন। কিন্তু উইকেটের দেখা পাননি। টেস্ট ক্রিকেটে টানা ৪৫ ওভার ২ বল উইকেটশূন্য থাকার অভিজ্ঞতা হলো তার, যা ক্যারিয়ারে দ্বিতীয় দীর্ঘতম।
ভারতের বোলাররাও উইকেট থেকে সুইং, সিম মুভমেন্ট ও বাড়তি বাউন্স পেয়েছেন। তবে ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল রাখতে না পারায় সেই সুবিধার পুরোটা কাজে লাগাতে পারেননি। মাঝেমধ্যেই আলগা বল পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশেষ করে শেষদিকের ব্যাটসম্যানদের রান করার সুযোগ দেওয়ার খেসারত দিতে হয়েছে সফরকারীদের।
অথচ ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের পেসারদের কাছ থেকে তেমন কোনো ছাড় পায়নি ভারত। প্রথম ওভারেই ম্যাট হেনরির অসাধারণ এক বলে বোল্ড হন যশস্বী জয়সোয়াল। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটি অ্যাঙ্গেলের বিপরীতে সিম মুভমেন্টে অফ স্টাম্পের ওপরের অংশে আঘাত করে। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় ভারতীয় ওপেনারকে।
এরপর দেবদূত পাড়িক্কাল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ সামলানোর চেষ্টা করেন। ক্রিজের বাইরে এসে বলের মুভমেন্ট কমিয়ে খেলার কৌশলও নিয়েছিলেন তিনি। কিন্তু কাইল জেমিসনের বাড়তি বাউন্সের সামনে সেই পরিকল্পনা কাজে আসেনি। ২০ বলে ২১ রান করে ব্যাটের কানায় বল লাগিয়ে আউট হন পাড়িক্কাল।
অধিনায়ক শুভমান গিলও শুরুতে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। বিশেষ করে অফ ড্রাইভে কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেছেন। কিন্তু জেমিসনের আরেকটি অসাধারণ ডেলিভারিতে থেমে যায় তার ইনিংস। অফ স্টাম্পের দিকে আসা বল শেষ মুহূর্তে সামান্য সোজা হয়ে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে চলে যায়। গিলের বিদায়ের পরপরই চা বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ভারতের ইনিংসের হাল ধরার দায়িত্ব ছিল লোকেশ রাহুল ও ঋষভ পন্তের ওপর। তবে শুরু থেকেই নিউজিল্যান্ডের পেসারদের ওপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করেন পান্ত। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে শট খেলেছেন, জ্যাকব ডাফিকে লং অনের ওপর দিয়ে ছক্কাও মেরেছেন। কিন্তু একই ধরনের আক্রমণাত্মক শট খেলতে গিয়েই শেষ পর্যন্ত আউট হন তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে জেমিসনের হাতে ধরা পড়ে তার ইনিংসের সমাপ্তি ঘটে।
পান্তের বিদায়ের পর রাহুলের ওপর প্রত্যাশা আরও বেড়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাভাবিকভাবে রান তোলা কঠিন হয়ে পড়েছিল তার জন্যও। অফ স্টাম্পের বাইরে কিছুটা জায়গা পেয়ে জোরে শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন এই ব্যাটসম্যান।
মাত্র ১০৪ রানে পাঁচ উইকেট হারানোর পর আক্রমণাত্মক পথ ছেড়ে রক্ষণাত্মক ব্যাটিংয়ের দিকে মনোযোগ দেন সুন্দর ও জুরেল। কিন্তু সেখানেও সফল হতে পারেননি। দুই ব্যাটসম্যান ১৫ ওভার ১ বল একসঙ্গে থেকে যোগ করেন মাত্র ১২ রান। এর মধ্যেও বেশ কয়েকবার ব্যাটের কানায় বল লেগেছে, যদিও স্লিপে ক্যাচ হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন তারা।
দিনের শেষ পর্যন্ত সেই প্রতিরোধও টেকেনি। নাথান স্মিথের বলে ব্যাটের কানায় লাগিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সুন্দর। দিনের শেষ বলেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতের ওপর চাপ আরও বাড়িয়ে দেয় নিউজিল্যান্ড।
স্বাগতিকদের বোলিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল চার পেসারের সম্মিলিত শৃঙ্খলা। হেনরি, জেমিসন, ডাফি ও স্মিথ কেউই অতিরিক্ত কিছু করার চেষ্টা করেননি। ধারাবাহিকভাবে ভালো লেংথে বল রেখে ব্যাটসম্যানদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। রান করার সুযোগ না পেয়ে ভারতীয় ব্যাটসম্যানরা যখন ঝুঁকি নিয়েছেন, তখনই এসেছে উইকেট।













