• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নির্জন মোশাররফ এর ‘‘ব্ল্যাক রোজ’ এর মোড়ক উন্মোচন

প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২০
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২০

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
২১শে ফেব্রুয়ারি বুধবার, বিকেল গড়াতেই বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে হাজির হলেন আমন্ত্রিত অতিথিরা। মঞ্চে উঠার আগে হাত বুলিয়ে নিলেন গ্রন্থে, পড়লেন পাতা উল্টিয়ে।

উপস্থাপক জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা সবিনিয়ে অনুরোধ করলেন অতিথিদের, শুরু হলো মোড়ক উন্মোচন আয়োজন। দেশের বৃহত্তম একুশে বই মেলার পবিত্র মোড়ক মঞ্চে আনুষ্ঠানিকতা পেলো রোমান্টিক থ্রিলার “ব্ল্যাক রোজ” গ্রন্থ।

অতিথিদের তালিকায় মূল আকর্ষন ছিলো কবি ও ছড়াকার আসলাম সানী, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, ব্যরিস্টার তুরিন আফরুজ।

সার্বিক তত্বাবধানে ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম অন্যান্য সহযোগিতায় ছিলেন সাব্বির রহমান সজিব, মোবারক হোসেন,রহমত উল্লাহ নীরন,মো. সাফায়েত উল্লাহ, নিয়ামুল আনাম এবং এস এম মহিউদ্দিন কলি।

অস্ট্রেলিয়ার পার্থ শহরে থাকা প্রবাসী লেখক,সাংবাদিক ও গবেষক নির্জন মোশাররফ ভার্চুয়ালে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

যাপিত জীবনের বহমান চক্রে বিদ্যমান অস্থিরতা কাউকে ভোগায় নির্জনে নিভৃতে, মৃদু আলোর আবছা অন্ধকারে কেউ খোঁজে জীবনের বসন্ত। কোমলতাকে বাদ দিয়ে অধুনা পৃথিবীর মোহে আচ্ছন্ন মানুষের জীবনসঙ্গী হবে অন্যের, খুঁজবে আবেগ তাড়িত প্রেম ও স্পর্শ। অন্যদিকে নিজ ঘরে লাশ, অবৈধ প্রণয়, অন্যায় তবু লোভাতুর হৃদয়। এমন গল্প নিয়ে হাজির হয়েছেন প্রবাসী লেখক নির্জন মোশাররফ।

প্রতিদিন বইমেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন বই, পাঠক ও দর্শনার্থীর উপস্থিতিও বাড়ছে দিন দিন। তবে বাড়ছে কি বই বিক্রির সংখ্যা– এমন প্রশ্নে প্রকাশক মহিউদ্দিন কলি শোনালেন আশার বাণী, বললেন, বইমেলায় থ্রিলার বইয়ের দিকে ঝুঁকছে পাঠক। বইটি আসার প্রথম তিনদিনে আশানুরূপ সাড়া মিলেছে। ভিন্নধর্মী থ্রিলারের সঙ্গে রোমান্টিকতা যুক্ত করে দেওয়ায় পাঠকের আগ্রহ ভালো।

সাত ফর্মার বইটিতে আছে ১১২ পৃষ্ঠার গল্প, যাতে দেওয়া হয়েছে প্রায় ৩০ হাজার শব্দের নিখুঁত গাঁথুনি। বাক্য বিন্যাস ও কাহিনীর দিকে নজর রাখা হয়েছে। গ্রন্থটি নিয়ে নিজর্ন মোশাররফ বলেন, রোমান্টিক আবহে থেকে অপ্রত্যাশিত মোড় নেবে কাহিনি, সংশয় নিয়ে এগোবে গল্পের স্রোত, চৌকস পুলিশ হার জিতের খেলায় আচ্ছন্ন হবে রুদ্বশ্বাসের বেড়াজালে, রাজনীতির চোরাবালি আর হাওয়া বদলে কল্পলোকে পাঠক অনুভব করতে পারবে গহীনের শব্দ।

বইটির অনলাইন পরিবেশক রকমারি ও বইফেরি। মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা, মেলা উপলক্ষ্যে ছাড়ে মিলবে ২৯৯ টাকায়।

নির্জন মোশাররফ বাস করেন অস্ট্রেলিয়ার পার্থ শহরে। লেখালেখির অভ্যাস স্কুলের গণ্ডি থেকেই। প্রাতিষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় দৈনিক ভোরের কাগজে সাংবাদিক হিসেবে। সাংবাদিকতায় আছেন প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা। বর্তমানে কাজ করছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম বাংলাভিশন ও ঢাকা পোস্টে। তাছাড়া এবি নিউজ ইন্টারন্যাশনালের চিফ রিপোর্টার হিসেবেও নিয়োজিত আছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত আছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবে। টিম লিডার (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) হিসেবে কাজ করছেন এমএলসি ইন্টারন্যাশনালে।

প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট ও বেঙ্গল মিডিয়া অ্যাওয়ার্ড নিয়ে।

‘ডার্ক চকলেট’ ও ‘ক্যান্ডেল লাইট’ এ দুটি গ্রন্থের পর এবার লিখলেন ‘ব্ল্যাক রোজ’। প্রকাশের অপেক্ষায় আছে আরও বেশ কয়েকটি থ্রিলার উপন্যাস। লেখকের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। রেলওয়ে স্কুল, ভিক্টোরিয়া কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানে ইডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হিসাব বিজ্ঞান ও সাংবাদিকতায় উচ্চতর শিক্ষাসহ ঝুলিতে আছে বেশকিছু প্রফেশনাল কোর্স। তাছাড়া আত্মপ্রকাশ করেছেন উদ্যোক্তা হিসেবে। বিনিয়োগ করেছেন ফ্যাশন হাউস, সুপারশপসহ আরও কিছু প্রতিষ্ঠানে।

অবসরে বই পড়া, লেখালেখি করতে ভীষণ পছন্দ করেন নির্জন মোশাররফ। সুযোগ পেলেই বের হন ভ্রমণে, গড়ে তোলেন প্রকৃতির সঙ্গে সখ্য।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম