• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নিষিদ্ধ আ.লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১৩
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১৩

নিষিদ্ধ আ.লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না - এলজিআরডি প্রতিমন্ত্রী
 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, এ দেশে যারা তাঁবেদার রাষ্ট্র কায়েমের চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন তিনি (প্রধানমন্ত্রী) ফলক উন্মোচন করে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও মগ বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি গাছের চারা লাগিয়ে তার পরিচর্যা করা এবং নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন এতে অংশ নেন।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম