কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় আর জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে গেছে। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনের নাম ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’। বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়।
সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে চায়। বিশ্বব্যাংক বলছে, এ লক্ষ্য ছুঁতে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি করতে হবে। একই সঙ্গে ঢালাও ভর্তুকির বদলে দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষকে লক্ষ্য করে সহায়তা দিতে হবে।
প্রতিবেদনে অর্থনীতির কয়েকটি বড় দুর্বলতা তুলে ধরা হয়েছে। প্রথম দুর্বলতা কর্মসংস্থানে স্থবিরতা। তরুণ ও বাড়তি শ্রমশক্তির জন্য যথেষ্ট কাজ তৈরি হচ্ছে না। কর্মক্ষম প্রতি পাঁচ নারীর তিনজন শ্রমবাজারের বাইরে। মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে।
দ্বিতীয় দুর্বলতা রাজস্ব আয়। ২০২৪-২৫ অর্থবছরে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬.৮ শতাংশ। সমান পর্যায়ের অন্য দেশগুলোর তুলনায় এটি অর্ধেকেরও কম।
তৃতীয় দুর্বলতা উন্নয়ন ও শিক্ষায় কম ব্যয়। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে হয়েছে ২.৮ শতাংশ। শিক্ষায় ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১.৫ শতাংশে।
চতুর্থ দুর্বলতা ঋণের সুদের চাপ। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে খরচ ছিল জিডিপির ১.৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২.৬ শতাংশ হবে। সরকার দেশের ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে। এতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যেতে পারে।
পঞ্চম দুর্বলতা জ্বালানি ভর্তুকি। বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে ছিল জিডিপির ০.৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১.৫ শতাংশ। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে এই চাপ আরও বাড়তে পারে।
রাজস্ব বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপের পরামর্শ দিয়েছে। প্রথমত, কর প্রশাসনকে আধুনিক করতে হবে। এ জন্য করনীতি তৈরির কাজ থেকে কর প্রশাসনকে আলাদা করা দরকার। ডিজিটাল ব্যবস্থাগুলোকে একসঙ্গে জুড়তে হবে। চালু করতে হবে একক করদাতা শনাক্তকরণ নম্বর।
দ্বিতীয়ত, কর ছাড় কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬.৯ শতাংশ। এটি প্রায় মোট আদায় হওয়া কর রাজস্বের সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্কে সংস্কার আনতে হবে। অপ্রয়োজনীয় কর ছাড়ও কমাতে হবে।
তৃতীয়ত, জ্বালানির দাম ঠিক করার ব্যবস্থা বদলাতে হবে। এ জন্য স্বাধীন ও শক্তিশালী একটি নিয়ন্ত্রক সংস্থা দরকার। দাম হতে হবে নিয়ম মেনে। উৎপাদন খরচের সঙ্গে তার মিল থাকতে হবে।
চতুর্থত, ভর্তুকি আরও সুনির্দিষ্ট করতে হবে। দেশে দারিদ্র্যের হার ২০২২ সালে ছিল ১৮.৭ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ২২.৫ শতাংশ। তাই ঢালাও ভর্তুকির বদলে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা দেওয়া যাবে।
পঞ্চমত, বাড়তি অর্থ ভালো কাজে লাগাতে হবে। সংস্কারে যে বাড়তি টাকা আসবে, তা খরচ করতে হবে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোতে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উঠতে পারে।












