• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৫১
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৫১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে বহুপাক্ষিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।

বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে এ উদ্যোগ বাস্তবায়নে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।

আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকটও। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে একমত হন বাংলাদেশের ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ সংকটের টেকসই সমাধান এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে ঢাকা।

এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম