শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে ফেরার পথে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে পৌঁছান তারেক রহমান। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পরে সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত লোকজনের সঙ্গে মিশে যান, হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন তারেক রহমান।
পরে নৌঘাঁটিতেই মধ্যাহ্নবিরতি করেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান তিনি।
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।












