• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে যা বলল ভারত

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫০
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ দেওয়া হয়েছিল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সরকারপ্রধানকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ দেওয়া হয়। দুটি আমন্ত্রণই আলাদা ছিল বলে উল্লেখ করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে এ ব্যাখ্যা এলো। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেওয়া আমন্ত্রণের পাশাপাশি তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যও পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত গত ফেব্রুয়ারিতে তাকে এ সফরের আমন্ত্রণ জানায়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশে এসে তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তার স্ত্রী ও সন্তানসহ ভারত সফরের আমন্ত্রণসংবলিত একটি চিঠিও তার হাতে তুলে দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com