• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের দাবি, আমরণ অনশনের হুমকি

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৪৩
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৪৩

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের দাবি, আমরণ অনশনের হুমকি
 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও প্রার্থীদের যোগদান শেষ হওয়ার পরও ১ হাজার ৫৫৪টি পদ খালি রয়েছে। এসব পদে নতুন করে নিয়োগ পরীক্ষা না নিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। দাবি পূরণ না হলে কাফনের কাপড় পরে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে দেশের ৬৪ জেলা থেকে আসা নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন।

আন্দোলনকারীদের ভাষ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে অপেক্ষমাণ তালিকা তৈরির সুযোগ থাকলেও কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নেয়নি।

তারা জানান, নিয়োগসংক্রান্ত সরকারি পরিপত্র অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত কেউ চাকরিতে যোগদান না করলে কিংবা যোগদানের পর পদত্যাগ করলে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে আড়াই হাজারের বেশি উত্তীর্ণ প্রার্থীকে নিয়ে তালিকা তৈরির সুযোগ রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া এক চাকরিপ্রত্যাশী বলেন, দেশের ৬৪ জেলা থেকে প্রার্থীরা তাদের ন্যায্য দাবিতে রাজপথে এসেছেন। অনেক নারী প্রার্থী ছোট সন্তান কোলে নিয়েও কর্মসূচিতে অংশ নিয়েছেন। অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া কোনো দয়া বা করুণা নয়, এটি তাদের অধিকার।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসবেন তারা। সময় থাকতে কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, দাবি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে দেড় হাজারের বেশি প্রার্থী বিভিন্ন কারণে যোগদান করেননি। ফলে পদগুলো এখনো শূন্য রয়েছে।

স্মারকলিপিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২৫ আগস্ট জারি করা পরিপত্রের বিষয়টিও তুলে ধরেন তারা। পরিপত্রের অনুচ্ছেদ (গ) অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী যোগদান না করলে বা যোগদানের পর পদত্যাগ করলে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় অপেক্ষমাণ তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল উপস্থাপন করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করা যাবে।

এ ছাড়া পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, প্রথম নিয়োগের সুপারিশের তারিখ থেকে অপেক্ষমাণ তালিকার মেয়াদ এক বছর বহাল রাখার বিধান রয়েছে বলে দাবি করেন চাকরিপ্রত্যাশীরা।

তাদের মতে, নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিবর্তে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হলে সরকারের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটও কমবে।

কর্মসূচি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান আন্দোলনকারীরা। দ্রুত অপেক্ষমাণ তালিকা প্রকাশ এবং শূন্য পদগুলোতে নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।

এর আগে একই দাবিতে গত ৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এবং ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম