বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি সেখানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে মহাসড়কের ওপর রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কাউকে দেখতে পাওয়া যায়নি।’সংবাদ বিশ্লেষণ
শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। মিছিলকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত আছে।












