মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অভিশংসন করার জন্য প্রতিনিধি পরিষদে ভোটাভুটির প্রস্তাব দিয়েছেন এক রিপাবলিকান কংগ্রেসম্যান। যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন, এমন অভিযোগ এনে তাকে সড়াতে এই প্রস্তাব দেয়া হয়। কেনটাকি থেকে নির্বাচিত এবং সম্প্রতি পুননির্বাচনে পরাজিত টমাস ম্যাসি সোমবার বিকেলে প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে এই অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেন। এর ফলে এই পদক্ষেপের ওপর ভোটাভুটি করার জন্য ৪৮ ঘণ্টার একটি সময়সীমা শুরু হয়েছে। আইনপ্রণেতারা এই প্রস্তাবের ওপর সরাসরি ভোট দিতে পারেন, একে কোনো কমিটিতে পাঠাতে পারেন, অথবা প্রস্তাবটি সরিয়েও রাখতে পারেন।
ম্যাসি জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানে যুদ্ধে জড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আইন ভঙ্গ করেছেন এবং তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। ম্যাসি আরও অভিযোগ করেন, হেগসেথ ইরানে শতাধিক শিশু হত্যার মাধ্যমে বেসামরিক প্রাণহানি কমানোর আইন লঙ্ঘন করেছেন, ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকা ডুবিয়ে এবং ক্রুদের উদ্ধার না করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং ডেমোক্রেট সিনেটর মার্ক কেলিসহ অন্যদের বিরুদ্ধে অবৈধ নির্দেশ অমান্য করার আহ্বান জানানোর কারণে বেআইনি তদন্ত ও বিচারের হুমকি দিয়েছেন। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার বিষয়টিকেও তিনি অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেন। ম্যাসির এই অভিশংসনের আটটি প্রস্তাবে কিছু রিপাবলিকানের সমর্থন থাকতে পারে বলে আশা করা হচ্ছে। হাউসের নিয়ম অনুযায়ী বুধবারের মধ্যে এই ভোট হতে হবে।
তবে আগামী জানুয়ারি পর্যন্ত কংগ্রেসে রিপাবলিকানরা ক্ষমতায় থাকায় এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাসি জানান, তার এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো ডেমোক্রেটরা নিজেদের অভিশংসন প্রক্রিয়া শুরু করার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হেগসেথের জায়গায় নতুন কাউকে নিয়োগ দিতে বাধ্য করা। তিনি গত ১৫ সেপ্টেম্বরও হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছিলেন, কিন্তু তখন হাউস স্পিকার মাইক জনসন কংগ্রেসের অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন। হেগসেথ এই অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন এবং নিজের কাজের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ম্যাসিকে একজন ‘অসন্তুষ্ট, পরাজিত কংগ্রেসম্যান’ বলে উল্লেখ করেন। হেগসেথ জানান, তিনি এই অভিশংসন প্রচেষ্টা নিয়ে মোটেও চিন্তিত নন।
সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পও হেগসেথের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, হেগসেথ ভালো কাজ করছেন এবং সেনারা তাকে ভালোবাসে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মন্ত্রিপরিষদের কোনো সদস্যকে অভিশংসনের ঘটনা বেশ বিরল। কোনো মন্ত্রীকে পদ থেকে সরাতে হলে কংগ্রেসের উভয় কক্ষেই তা অনুমোদন হতে হয়। প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হলেও, সিনেটে দোষী সাব্যস্ত করতে হলে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। আগামী জানুয়ারিতে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও, তাদের পক্ষে সিনেটে ৬০টি ভোট জোগাড় করে হেগসেথকে অপসারণ করা বেশ কঠিন হবে। তবে ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিজ এই অভিশংসনের পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন।












