• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসার রোগী, পেছনে ৫ বড় কারণ

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৪:৫৫
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৪:৫৫

বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসার রোগী, পেছনে ৫ বড় কারণ
 

দেশের স্বাস্থ্য খাতের চিন্তা বাড়িয়ে দিন দিন বাড়ছে ক্যানসার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এই আক্রান্তের সংখ্যা সমস্ত বিপদসীমা ছাড়িয়ে যাবে।

কিন্তু কী কারণে হু হু করে বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা? এর নেপথ্যে মূল ৫টি বড় কারণ চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আসুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো:

১. প্রক্রিয়াজাত খাবারে আসক্তি

আজকের ব্যস্ত জীবনধারায় ফ্রোজেন মাংস, ভাজাপোড়া বা অনলাইনের অর্ডারে আসা ফাস্টফুড আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। খাবারগুলো দীর্ঘ দিন সংরক্ষণের জন্য এতে মেশানো হয় ‘এন-নাইট্রাসো’ যৌগ, যা কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি, ডায়েট সোডা, জিরো ক্যালোরি পানীয় বা চিউইংগামে থাকা রাসায়নিক মূত্রথলির ক্যানসারের কারণ হতে পারে।

এ ছাড়া চকোলেট, বিস্কুট, কুকি, বোতলবন্দি ফলের রস বা ইনস্ট্যান্ট নুডলসে থাকা সোডিয়াম নাইট্রাইট ক্যানসারের পাশাপাশি মস্তিষ্কের সচলতা হ্রাস ও স্নায়বিক সমস্যা ঘটাতে পারে।

২. বায়ুদূষণে শরীরে ঢুকছে টক্সিন

বাইরে বের হলেই বাতাসের সূক্ষ্ম ধূলিকণা এবং যানবাহনের ধোঁয়া সরাসরি শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করছে। এই ধোঁয়ায় থাকা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত কণাগুলি ফুসফুসের কোষের ডিএনএ বা জিনগত গঠনে সরাসরি বদল ঘটায়, যা ক্যানসারের অন্যতম বড় অনুঘটক।

৩. রান্নার ঘরের নীরব বিপদ

আমাদের রান্নাঘরের কালো নন-স্টিক কড়াই, প্লাস্টিকের টিফিন বাক্স, পানির বোতল কিংবা মাইক্রোঅয়েভে খাবার গরম করার প্লাস্টিকের পাত্র— সবই এখন মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে।

নন-স্টিক পাত্রের ‘টেফলন’ বা পিএফএএস অতিরিক্ত গরমে গলে খাবারে মিশে যায়। এ ছাড়া প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখলে তাতে মাইক্রোপ্লাস্টিক ও বিসফেনলের মতো ক্ষতিকর রাসায়নিক মিশে যায়।

সম্প্রতি ‘সায়েন্টিফিক জার্নাল অফ কেমোস্ফিয়ার’-এর গবেষণায় দাবি করা হয়েছে, কালো প্লাস্টিকে প্রায় ১৬ হাজার রকম রাসায়নিক থাকে, যার সিংহভাগই মানবদেহের জন্য বিষ। এই রাসায়নিকগুলো হার্ট, কিডনি, মস্তিষ্কের পাশাপাশি ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে।

৪. অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার

সামান্য সর্দি-কাশিতে বা ভাইরাল জ্বরে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। এর ফলে অন্ত্রের উপকারী মাইক্রোবায়োম বা অণুজীবগুলো নষ্ট হয়ে যায়।

চিকিৎসকদের মতে, শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠলে পেটে ‘হেলিকোব্যাক্টর পাইলোরি’-র মতো সংক্রামক ব্যাক্টেরিয়া জন্ম নেয়, যা পরিপাকতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং পরবর্তীতে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

৫. বিপাকীয় ভারসাম্যহীনতা ও স্থূলতা

মেটাবলিক সিনড্রোম বা বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে ওজন বৃদ্ধি পায় এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। হু জানাচ্ছে, অতিরিক্ত ওজন, স্থূলতা এবং রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টেরল কেবল হৃদরোগ নয়, বরং অন্তত ১৩ ধরনের ক্যানসারের প্রত্যক্ষ কারণ।

স্থূলতার কারণে শরীরে ইনসুলিন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই হরমোনগুলির বাড়বাড়ন্ত কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায়, যার ফলে স্তন, জরায়ু, কোলন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, এই মারত্মক রোগ থেকে বাঁচতে জীবনযাত্রার অভ্যাস বদলানো এবং সচেতন হওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

সূত্র: আনন্দবাজার

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম