শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশে জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন কোনো মাঠে মেলার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা সরকার গঠন করার পরেই বলেছি বাংলাদেশে জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন কোনো মাঠে আর কখনো কোনো মেলা হবে না। এবং কেউ যদি অনুমতি চায় তাকে অনুমতি দেওয়া হবে না। স্থানীয় জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে মাঠ ও ইনডোর যেন বাহিরে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য না দেওয়া হয়।
তিনি বলেন, মাঠের সংকট কাটিয়ে উঠার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমাদের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের বাংলাদেশে সকল জেলাপ্রসাশক, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য প্রত্যেকই নিজ নিজ এলাকার মাঠের তথ্য আমাদের কাছে প্রেরণ করা শুরু করেছেন। আমরা ইতোমধ্যে ৩৭টি জেলার ৫৫৩টি ইউনিয়নের মাঠের তথ্য আমরা পেয়েছি। এক হাজার মাঠের তথ্য পাওয়ার পরে আমরা যানে স্থানীয়ভাবে সেখানে খেলাধুলা শুরু করি সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মাঠের সংকট কাটিয়ে উঠার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। বিগত স্বৈরাচার আমলে মাঠের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলোতে এখন গরু চড়ানো হয়। সেসব জায়গাগুলোতে নামেমাত্র কিছুও নেই। আমরা চাই সেখানে পরিপূর্ণ উপজেলা স্টেডিয়াম তৈরি করতে। মাঠের সংকট কমে যাবে। আগামী দুইবছর পর আপনারাই বলবেন মাঠ পর্যাপ্ত পরিমাণ রয়েছে।












