বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় টানটান উত্তেজনা। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় বুকের ওপর হাত রেখে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। পরে ২০২৫ সালের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর দুজনের আলিঙ্গনে আনন্দঘন হয়ে ওঠে মঞ্চ। একসঙ্গে তাঁদের মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
এদিন মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কারুকাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলা পরেছিলেন হালকা নীল ও রুপালি রঙের গাউন। এর কাঁধের অংশে ছিল পাখার মতো নকশা। বিজয়ীর নাম ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিভিন্ন অঙ্গনের মডেল ও কোরিওগ্রাফাররা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, “যাও, বিশ্ব জয় করে আসো।” সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কারণে দর্শকদের কাছে পরিচিতি রয়েছে তাঁর। এবার জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা হয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন এই অভিনেত্রী।
এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের প্রথমবার সেরা ৩০-এ ওঠার ঘটনা। একই আসরে পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।
মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় এবার বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে লড়বেন সামিরা খান মাহি। তাঁর হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য আসবে কি না, সেদিকেই এখন তাকিয়ে দেশের দর্শকেরা।













