• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লুটপাটের টাকায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা গুঁড়িয়ে দেবে জনগণ: রিজভী

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:২৬
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:২৬

লুটপাটের টাকায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা গুঁড়িয়ে দেবে জনগণ রিজভী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

​পলাতক ফ্যাসিবাদী শক্তির হাজার হাজার কোটি টাকার লুটপাট ও অর্থপাচারের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের ব্যাংক লুট করে সেই টাকায় আজ দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এ দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা রুখে দাঁড়ালে সব চক্রান্ত ও অপচেষ্টা কালবৈশাখী ঝড়ের মতো গুঁড়িয়ে যাবে।

​সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যের সূচনাতে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এ দেশের মানুষ স্বাধীনতা-উত্তর একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মনির্ভরশীল বাংলাদেশ চেয়েছিল। কিন্তু তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের প্রত্যাশা পূরণ না করে গণতান্ত্রিক অধিকার হরণ করে এবং দিল্লির কাছে দাসখত লিখে দেয়। সেই সময়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা হারিয়ে দেশ রক্ষী বাহিনীর নির্যাতন এবং ক্ষুধা-দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হয়েছিল।

​তিনি আরও বলেন, সেই পরিস্থিতি থেকে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতা একতাবদ্ধ হয়ে বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নের সূচনা করেছিল। সেই রাজনৈতিক ও সাংস্কৃতিক জাগরণের ধারাবাহিকতাতেই পরবর্তীকালে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা তৈরি হয়েছে।

​সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার বিপ্লবে পালিয়ে যাওয়া সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্ত পান করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেত্রী বিদেশে বসে পটকা-ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির নির্দেশ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

লন্ডনে সাবেক এক মন্ত্রীর ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক লুট করে বিদেশে পাচার করা সেই টাকা দিয়েই আজ অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করা হচ্ছে। তবে প্রমত্তা পদ্মা ও বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো এ দেশের মানুষ যখন গর্জে উঠবে, তখন কোনো চক্রান্তকারী বা তাদের মদদদাতারা টিকে থাকতে পারবে না।

​দেশীয় সংস্কৃতির ঐতিহ্য রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, অতীতে খান আতা, আব্দুল আলিম ও আব্দুল জাব্বারের মতো গুণী শিল্পীরা মাটির গভীরে প্রোথিত দেশীয় সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী সাংস্কৃতিক আগ্রাসন রুখতে জাসাস নেতাদেরও সেই ধারায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

​জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব এবং শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম