• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার গুলশানে চলছে

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:২৬
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাছাই কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার পর্ব শুরু হয়।

এ কার্যক্রমে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজ প্রথম দিনে পাঁচটি বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এরপর শনিবারও দলীয় ফরম গ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

রিজভী আরও জানান, সাক্ষাৎকার কার্যক্রমে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান সভাপতিত্ব করবেন। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অতীতে নির্যাতনের শিকার, মিথ্যা মামলায় অভিযুক্ত এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ দক্ষতাও মনোনয়ন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জন্য মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল আপিল গ্রহণ করা হবে এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। দলীয় বণ্টন অনুযায়ী, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম