• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪২
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪২

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা
 

দুপুরের তুলনায় সকালে ঘুমানোর অভ্যাস বয়স্ক ব্যক্তিদের মৃত্যুঝুঁকির সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে। শুধু তাই নয়, দিনের বেলা যত বেশি সময় ও যতবার ঘুমানো হয়, মৃত্যুঝুঁকিও তত বাড়তে পারে। দীর্ঘ ১৯ বছর ধরে চলা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহাম ও রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকেরা ১ হাজার ৩৩৮ জন বয়স্ক ব্যক্তির ঘুমের অভ্যাস বিশ্লেষণ করে এসব তথ্য পেয়েছেন। গত ১৬ নভেম্বর ‘জামা নেটওয়ার্ক ওপেন’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় দেখা গেছে, দিনের বেলা ঘুমানোর সময় প্রতি এক ঘণ্টা বাড়লে মৃত্যুঝুঁকি ১৩ শতাংশ বেড়ে যায়। একইভাবে প্রতিদিন ঘুমানোর সংখ্যা প্রতিবার বাড়ার সঙ্গে মৃত্যুঝুঁকি বাড়ে ৭ শতাংশ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা নিয়মিত সকালে ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি বিকেলে ঘুমানো ব্যক্তিদের তুলনায় ৩০ শতাংশ বেশি।

তবে প্রতিদিন ঘুমানোর সময়ের অনিয়মের সঙ্গে মৃত্যুঝুঁকি বাড়ার কোনো সম্পর্ক খুঁজে পাননি গবেষকেরা। অর্থাৎ, একেক দিন একেক সময়ে ঘুমানোর কারণে মৃত্যুঝুঁকি বাড়ে—এমন প্রমাণ পাওয়া যায়নি।

যেভাবে করা হয়েছে গবেষণা

গবেষণার জন্য ১৯৯৭ সালে শুরু হওয়া ‘রাশ মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্ট’-এর তথ্য ব্যবহার করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি, চিন্তাভাবনার সক্ষমতা এবং স্নায়বিক অবক্ষয় পর্যবেক্ষণ করা।

২০০৫ সাল থেকে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের টানা ১০ দিন হাতে বিশেষ অ্যাক্টিভিটি মনিটর পরিয়ে রাখা হয়। এর মাধ্যমে তাদের বিশ্রাম ও চলাফেরার সময় রেকর্ড করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে দিনের বেলা ঘুমানোর সময়, সংখ্যা, সময়সূচি এবং প্রতিদিনের পরিবর্তন পর্যবেক্ষণ করেন গবেষকেরা।

পরবর্তী সময়ে ২০২৫ সাল পর্যন্ত সর্বোচ্চ ১৯ বছরের মৃত্যুর তথ্যের সঙ্গে ঘুমের এসব অভ্যাস মিলিয়ে দেখা হয়।

গবেষণার প্রধান লেখক চেনলু গাও বলেন, আগের অনেক গবেষণায় অংশগ্রহণকারীদের নিজেদের স্মৃতির ওপর নির্ভর করে ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতো। ফলে কখন ঘুমানো হচ্ছে এবং ঘুমের সময়সূচিতে কতটা ধারাবাহিকতা রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় বাদ পড়ে যেত।

গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণায় দিনের বেলা ঘুমানোর অভ্যাসের সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও, ঘুম নিজেই অকালমৃত্যুর কারণ—এমন প্রমাণ পাওয়া যায়নি।

বরং অতিরিক্ত ঘুমের পেছনে আগে থেকেই থাকা কোনো শারীরিক অসুস্থতা, দীর্ঘমেয়াদি রোগ, ঘুমের সমস্যা কিংবা শরীরের স্বাভাবিক ঘুম ও জাগরণের চক্রে বিঘ্ন কাজ করতে পারে।

চেনলু গাওয়ের মতে, দিনের বেলা ঘুমের সময় ও ধরন নিয়মিত পর্যবেক্ষণ করা গেলে স্বাস্থ্যকর্মীরা সম্ভাব্য শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারবেন।

গবেষকদের ধারণা, ভবিষ্যতে স্মার্টওয়াচসহ বিভিন্ন পরিধানযোগ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। এতে বয়স্ক ব্যক্তিদের ঘুমের ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসা মূল্যায়নের ব্যবস্থা নেওয়া যাবে।

তবে দিনের বেলা ঘুমের অভ্যাসের মাধ্যমে নির্দিষ্ট কোনো রোগ কতটা নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।

সূত্র: সামা টিভি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম