• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:৩১
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:৩১

 

ইরানের প্রখ্যাত মানবাধিকারকর্মী ও অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (২৫ নভেম্বর) রাজধানী তেহরানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন মাহমুদিয়ানের এক বন্ধু ও ইউরোপভিত্তিক এক ইরানি মানবাধিকারকর্মী।

মাহমুদিয়ান ইরানি সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সহ-চিত্রনাট্যকার। সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তার ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়।

বৃহস্পতিবার তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আরেকটি বার্তায় জানানো হয়, তার বিরুদ্ধে সরকারবিরোধী ‘প্রচার’ এবং ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে। সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদও বুধবার তার গ্রেফতারের খবর প্রকাশ করে।

মাহমুদিয়ানের বন্ধু ও ইউরোপে অবস্থানরত ইরানি মানবাধিকারকর্মী হোসেইন রাজ্জাক এপিকে জানান, বুধবার রাত ২টা থেকে ৩টার দিকে সর্বশেষ মাহমুদিয়ানের সঙ্গে তার ফোনে কথা হয়। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট একটি মৃত্যুদণ্ডের মামলা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

এরপর থেকে মাহমুদিয়ানের ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্জাক জানান, এক ডজনের বেশি সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তা তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে যান। আটকের পর তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাজ্জাক আরও জানান, বর্তমানে মাহমুদিয়ান রাজধানীর বাইরে অবস্থিত গ্রেটার তেহরান কারাগারে বন্দি রয়েছেন।

২০২২ সালে ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাব যথাযথভাবে না পরার অভিযোগে দেশটির নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়।

মাহমুদিয়ান দীর্ঘদিন ধরে কারাবন্দি বিক্ষোভকারী এবং মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পক্ষে প্রকাশ্যে কথা বলে আসছিলেন।

বুধবার গ্রেফতারের এক দিন আগে তিনি তার টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলেছিলেন, মাহসা আমিনির মৃত্যুর পরের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কারাবন্দি দুই বিক্ষোভকারীর ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

নরওয়ের রাজধানী অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, মাহসা আমিনিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালেও দুটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত মাই সাতো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিলাদ আরমুন ও নাভিদ নাজারানের মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, তাদের পরদিন ভোরে মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে।

তবে বুধবার মাহমুদিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে জানান, আইনজীবী ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতেও গ্রেফতার হয়েছিলেন মাহমুদিয়ান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক দিন আগে তাকে আটক করা হয়েছিল।

এর আগে তিনি আরও ১৬ জনের সঙ্গে একটি বিবৃতিতে স্বাক্ষর করেন। ওই বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং জানুয়ারিতে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ দমনে সরকারের সহিংস অভিযানের নিন্দা জানানো হয়েছিল।

মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি কারাবন্দি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও বেড়েছে। ইরানের বাইরের মানবাধিকার পর্যবেক্ষকদের হিসাবে, এ পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম