রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন এলাকায় বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর একসঙ্গে তিনটি অপরিচিত ড্রোন উড়তে দেখা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ড্রোনগুলোর উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আশপাশের সব সীমান্ত ফাঁড়িতে (বিওপি) সতর্কতা জারি করা হয়। তবে ড্রোনগুলো কারা, কী উদ্দেশ্যে এবং কোথা থেকে পরিচালনা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব শনিবার সকালে জানান, ড্রোনগুলোর উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়েন। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় লাইট মেশিনগান (এলএমজি) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে কোনো ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি। গুলির পরপরই সেগুলো দ্রুত সরে যায়।
ড্রোনগুলো ভারতের মিজোরাম সীমান্তের ওপার থেকে এসেছে কি না, এমন প্রশ্নে মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, এর সম্ভাবনা খুবই কম। কারণ ড্রোনগুলো আন্তর্জাতিক সীমান্ত থেকে বাংলাদেশের বেশ ভেতরে মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর শনাক্ত করা হয়েছিল। তবে সেগুলোর প্রকৃত উৎস, নিয়ন্ত্রণব্যবস্থা কিংবা পরিচালনাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো সশস্ত্র গোষ্ঠী ড্রোনগুলো পরিচালনা করে থাকতে পারে। প্রতিপক্ষের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে এসব গোষ্ঠীর সদস্যরা মাঝেমধ্যে ড্রোন ব্যবহার করে থাকে।
এদিকে বাঘাইছড়ির সাজেক ও মিজোরাম সীমান্তের প্রায় ১৫১ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে ২৭ বিজিবি মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ প্রায় ৫৫ কিলোমিটার এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন প্রযুক্তিতে নজরদারির কথাও জানা গেছে।
সীমান্তের কাছাকাছি বিজিবির নিজস্ব স্থাপনার ওপর অপরিচিত ড্রোনের এমন উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে।
ড্রোনগুলো কোনো সশস্ত্র গোষ্ঠীর গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হয়েছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে উড়ানো হয়েছিল-তা খতিয়ে দেখা হচ্ছে।
মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, ড্রোনগুলো কী উদ্দেশে ওড়ানো হয়েছিল, তা নিশ্চিত হতে বিজিবি তদন্ত করছে। ঘটনার পর সংশ্লিষ্ট সব বিওপিকে সতর্ক রাখা হয়েছে।













