• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

স্বামীর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বর্ষা, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন’

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৪
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৪

স্বামীর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বর্ষা, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন’
 

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা—রূপালি পর্দার বাইরেও যাদের নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহের কমতি নেই। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা গুঞ্জন, ব্যাংকঋণের নোটিশ আর কারখানার পরিস্থিতি নিয়ে যখন চারদিকে চলছে নানান আলোচনা, ঠিক তখন স্বামীর পরম ছায়ার মতো শক্ত হয়ে পাশে দাঁড়ালেন ঢালিউড অভিনেত্রী বর্ষা।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের ভালোবাসার যেমন প্রতিদান দিয়েছেন তিনি, তেমনি স্বামী ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া।

পোস্টের শুরুতেই ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’

জীবনের কঠিন বাস্তবতাকে সুন্দরভাবে মেনে নিয়ে এই চিত্রনায়িকা আরও যোগ করেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টের শেষ দিকে এসে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন বর্ষা। সবার কাছে নিজের পরিবারের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিভিন্ন ব্যবসায়িক সংকট নিয়ে তোলপাড় চলছে মিডিয়ায়। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর সামনে আসতেই চারদিকে শুরু হয় গুঞ্জন।

এর মাঝেই স্বামীর কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা ও দোয়া কামনা করে তার পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম