নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
সারাদেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে আরও এক হাজার সাত শিশুর মধ্যে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৩৭১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৬ জন। বাকি এক হাজার ২৬৫ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিন শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে আরও এক হাজার সাত শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।













