বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে দেখা হলো ফ্যাশন ডিজাইনার ও রাজনীতিক শায়না এনসির। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে শায়নার সঙ্গে ছবিও তুলেছেন এই তারকা দম্পতি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বন্ধুত্বের পুরোনো স্মৃতি তুলে ধরেন শায়না।
শনিবার (২৮ নভেম্বর) এক্সে ছবিগুলো শেয়ার করেন শায়না। ছবির সঙ্গে শায়না তিনি লেখেন, ‘কিছু বন্ধুত্বে নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু বিশ্বাসের। আমার বয়স যখন ১৮, তখন ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলাম। সে সময় ঐশ্বরিয়া রায় ছিলেন মিস ওয়ার্ল্ড। ৩৫ বছর পরও আমরা ঠিক আগের জায়গা থেকেই কথা শুরু করতে পারি।’
ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে শায়না আরও লেখেন, ‘তাদের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগল। কোনো ভান নেই, আছে শুধু পুরোনো আপনত্বের অনুভূতি, যা কেবল সময়ের সঙ্গে তৈরি হয়। কিছু সম্পর্কের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না।’
পুরোনো বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিক হলো স্বাচ্ছন্দ্য—এমনটাই মনে করেন শায়না। তার ভাষায়, ‘পুরোনো বন্ধুত্বের যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো স্বাচ্ছন্দ্য। কয়েক মাস কিংবা কয়েক বছর পর দেখা হলেও মনে হয়, এই তো গতকালই দেখা হয়েছিল।’
ঐশ্বরিয়ার সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণা করে শায়না জানান, তাদের বন্ধুত্বের শুরু অনেক আগে। ঐশ্বরিয়া তার নকশা করা শাড়ি পরেছেন। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে, যখন তিনি সংগ্রাম করছিলেন, তখনো পাশে ছিলেন এই অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য শায়নার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সমর্থন দিয়েছেন ঐশ্বরিয়া।
এদিকে ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায়। বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করা ছবিটি বক্স অফিসে সফলতা পায়। তবে এখনো নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি অভিনেত্রী।
সূত্র: আউটলুক ইন্ডিয়া













