• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গভর্নমেন্ট অফ দ্যা মাফিয়া, বাই দ্যা লুটেরা, ফর দ্যা গুম-হত্যা : রিজভী

প্রকাশ: শনিবার, ১৯ মার্চ, ২০২২ ২:২৬
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২ ২:২৬

গভর্নমেন্ট অফ দ্যা মাফিয়া, বাই দ্যা লুটেরা, ফর দ্যা গুম-হত্যা : রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট

গণতান্ত্রিক বিশ্বের সামনে বর্তমানে বাংলাদেশের পরিচয়, গভর্নমেন্ট অফ দ্যা মাফিয়া, বাই দ্যা লুটেরা, ফর দ্যা গুম-হত্যা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বর্তমান বিনাভোটের সরকারের আমলে উন্নয়ন যা হয়েছে সেটি হচ্ছে দুর্নীতির উন্নয়ন। মেগা প্রজেক্টের নামে দুর্নীতি আর মেগা লুটপাটের একেকটি জলন্ত উদাহরণ।’

শনিবার (১৯ মার্চ) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন,’একটি দল একটানা একযুগের বেশি সময় ধরে বিনাভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রাখার পর এখন তাদের নিজেদের কর্ম নিয়ে গর্ব করে বলার মতো কিছু নেই। নিশিরাতের সরকারের আমলে প্রতিটি মেগা প্রজেক্টের নামে যেসব প্রকল্প নেয়া হচ্ছে। এর প্রত্যেকটি প্রকল্পই দুর্নীতি আর মেগা লুটপাটের একেকটি জলন্ত উদাহরণ। নিজেদের দুর্নীতি, দুরাচার অপকর্ম থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের এখনো একটাই অস্ত্র বিএনপি সম্পর্কে অকথ্য, অশ্লীল, অসত্য, অসভ্য প্রপাগান্ডা চালানো। এ কারণেই প্রতিদিন তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করে চলছেন। তারা রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা লঙ্ঘন করে বিএনপির নেতৃত্ব নিয়েও বাকোয়াস শুরু করেছেন। বিএনপি নিয়ে টেনশনে তাদের ঘুম হচ্ছে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, আজ দেশে চারিদিকে কেবল হাহাকার ধ্বনি। চুয়াত্তরের দুর্ভিক্ষ কবলিত দিনগুলোর কড়চা ফিরে এসেছে। এই নিশিরাতের আওয়ামী লীগ জাতিকে আজ শোষক আর শোষিতে স্পষ্ট বিভাজিত করেছে। গত এক যুগে কালো কোটওয়ালারা বেদম চুরিদারি আর লুট-লোপাটে বনে গেছে ধনকুবের। আর দেশের মানুষ হয়েছে নিঃস্ব ও সর্বশান্ত। নিরন্ন ফাতেমারা দুই কেজি চালের জন্য টিসিবির ট্রাকে ঝোলে! ক্ষুধার জ্বালায় সিরাজগঞ্জের আফরোজারা আত্মহত্যা করছে।

রিজভী বলেন,অভাবের তাড়নায় পিরোজপুরের পরিমল বেপারীরা প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছে। দিনাজপুরের হিলির সোনালী বেগমরা ক্ষুধার্ত শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে মাথার চুল বিক্রি করছে। জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ বোড়াই গ্রামের জোছনা বেগমরা অভাবের তাড়নায় কিডনি বিক্রি করে দিচ্ছে। ভিক্ষা নয়, ঘাম ঝরিয়ে রোজগার করা কষ্টের টাকায় দুটো নিত্যপণ্য কিনতে টিসিবির ট্রাকের পেছনে হাত বাড়িয়ে রুদ্ধশ্বাসে ছুটছে জনতা।

তিনি বলেন, জীবনের তাগিদ তাদের শরম-লজ্জা ভুলিয়েছে। আর তখনই কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে অভিনেত্রীদের নিয়ে এসে আলোকোজ্জল বিয়ে বাড়িতে চলছে উদ্দাম নাচ। হিটলার বলেছিলো: ‘মানুষকে এতটাই বিপদের মধ্যে রাখো যে, শুধু নিজের বেঁচে থাকাটাই তার কাছে উন্নতি বলে মনে হবে।’ গণতন্ত্রের নামে জনগণকে প্রতারণা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে এই আওয়ামী নিশুতি সরকার একটা গোটা জাতি ও রাস্ট্রকে পথে বসিয়ে দিয়েছে। এই অবস্থা জনগণ আর চলতে দিবে না।

রিজভী বলেন, দেশ এবং জনগণের কল্যাণে যা কিছু অর্জন তার সবকিছুই বিএনপির হাত ধরে শুরু হয়েছে। স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে বাংলাদেশ ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে আধুনিক, স্বনির্ভর, গণতান্ত্রিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়েছিল। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার এমারজিং টাইগারে পরিনত হয়েছিল।আর এখন গণতান্ত্রিক বিশ্বের সামনে বর্তমানে বাংলাদেশের পরিচয়, গভর্নমেন্ট অফ দ্যা মাফিয়া, বাই দ্যা লুটেরা, ফর দ্যা গুম-হত্যা।

বিএনপির এই নেতা বলেন,এই বাংলাদেশকে আবারো সাতই নভেম্বরের চেতনায় ফিরিয়ে আনতে হবে। ৭ নভেম্বরের চেতনা মানেই গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা আর সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার। আর গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার এই চলমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেশের জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, গুম-খুন-অপহরণ-হামলা-মামলা-জেল-জুলুম চালিয়ে গত এক যুগের বেশি সময় ধরে বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই অপশক্তির বিদায় চায় জনগণ। জনগণ দুর্নীতি-দুরাচার-পাপাচারে ভরা এই সমাজের পরিবর্তন চায়।

রিজভী অভিযোগ করে বলেন, গতকাল দুপুরে রাজশাহীর সারদায় টিএন্ডটি মোড়ে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মোতালেবকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশনের পর গভীর রাতে পুলিশ হাসপাতালের কোন ছাড়পত্র ছাড়াই তাকে জোরপূর্বক হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে অস্ত্র উদ্ধার নাটক সাজায়। মতলেবুর রহমান মোতালেব এর খোঁজ নিতে হাসপাতাল গেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও চারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জীবনকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com