• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কষ্টকর সময় চলছে: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১০:৩৪
আপডেট: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১০:৩৪

কষ্টকর সময় চলছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের ব্যর্থতার কারণে দেশে একটা ‘কষ্টকর সময়’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন এখন দুর্বিষহ।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর হোটেল পূর্বাণীতে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘দেশে একটা কষ্টকর সময় চলছে। বিশেষ করে আমাদের সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি—চাল-ডাল-তেল-লবণ এগুলোর মূল্য এত বেশি বৃদ্ধি পেয়েছে যে মানুষের জীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে। শুধু জিনিসপত্রের দামই বেড়েছে তা নয়—সেই সঙ্গে দফায় দফায় জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম, পানির দাম বৃদ্ধি করা হয়েছে। তিন মাসের মধ্যে তিনবার বাড়ানো হয়েছে গ্যাসের দাম।’

তিনি বলেন, ‘এই সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা, জনগণের সমস্যা সমাধানে ব্যর্থতা এবং তাদের প্রধান লক্ষ্য যে দুর্নীতি, সেই লক্ষ্যে এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।’

তিনি বলেন, এই সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে আছে ততদিন রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে অত্যন্ত সচেতনভাবে ধ্বংস করে ফেলছে।

‘‘সম্প্রতি তারা অত্যন্ত সচেতনভাবে যে কাজটা করেছে—৫ বছর পর অনুষ্ঠিত হয় যে নির্বাচন, যার মধ্য দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে ইচ্ছামতো সরকার গঠন করতে করতে পারতো—সেই ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলেছে।”

এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার হঠাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতারে বিএনপির মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জাগপার খন্দকার লুতফুর রহমান, এনডিপির আবু তাহের, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম খান, ইসলামিক পার্টির আবুল কাশেম, সাম্যবাদী দলের সৈয়দ মাহবুব হোসেন, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির রামকৃষ্ণ সাহা, কল্যাণ পার্টির মাহমুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com