• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশে ‘নিঃশ্বাস বন্ধ’ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে : মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ৫:৪৩
আপডেট: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ৫:৪৩

দেশে ‘নিঃশ্বাস বন্ধ’ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে : মির্জা ফখরুল

 

স্টাফ করেসপন্ডেন্ট
দেশে ‘নিঃশ্বাস বন্ধ’ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের দমনপীড়নে নেতা-কর্মীদের অবস্থা তুলে ধরতে গিয়ে আজ রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যরাও তাদের স্বজন ফিরে পাওয়ার আকুতির কথা প্রকাশ করেন।

ইফতারের পর গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়। সাতারকুলের মাদানী এভিনিউতে গ্রীনভিল আউটডোরসে ঢাকা মহানগর উত্তরের সহাস্রাধিক নেতা-কর্মী এই ইফতারে অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন যে, গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ৬শর অধিক নেতা-কর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাঁকে আজকে অন্যায়ভাবে গৃহে বন্দি করে রাখা হয়েছে অসুস্থ অবস্থায়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে।

আমাদের সকলের দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ .. এই রকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক। এই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মাদ নাসির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেনসহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com