• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তারেক রহমানকে দেখতে পরশুরামে নেতাকর্মী-মানুষের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ২:৫৭

তারেক রহমানকে দেখতে পরশুরামে নেতাকর্মী-মানুষের ঢল

ফেনী প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর কথা রয়েছে । তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন।

ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে এবং নির্ধারিত এলাকায় অবস্থান নেন অনেকে। প্রিয় নেতাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছেন বলে জানান স্থানীয়রা।

পরশুরামের মির্জানগরের বাসিন্দা আবদুর শুকুর বলেন, ‘জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হবে আজ। তাকে একনজর দেখতে সকাল থেকেই এখানে অপেক্ষা করছি।’

কোলাপাড়ার বাসিন্দা শাকিল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন—এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তাকে স্বাগত জানাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন।’

আকাশ নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছি। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তিনি তুলে ধরবেন এমন প্রত্যাশা করছি।’

এদিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসভায় বক্তব্য দেবেন।

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া ফুলগাজীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com