শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের মাঠে ফেরাতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বাসাবো বালুর মাঠে আয়োজিত ‘ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসাবো স্কেটিং একাডেমি ও জয় স্কেটিং ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, কিশোর বয়স স্বপ্ন দেখা, শিক্ষা অর্জন, খেলাধুলা ও নিজেকে গড়ে তোলার সময়। কিন্তু এ বয়সেই তরুণদের একটি অংশ সংঘর্ষ, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। মাদক ও মোবাইল আসক্তি তরুণ সমাজের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। এটি শুধু আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় চ্যালেঞ্জ।
তরুণদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, মাদকের ফাঁদে পড়ে জীবন নষ্ট করলে শুধু ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে জাতি গঠনের স্বপ্ন, ভবিষ্যৎ নেতৃত্ব ও সম্ভাবনাময় মানবসম্পদ। তাই এখনই মাদককে লাল কার্ড দেখাতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত ঢাকা-৯ আমার অঙ্গীকার, আর তোমরাই হবে সেই লক্ষ্য অর্জনের প্রধান হাতিয়ার। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবর্তন এসেছে, একইভাবে মাদকের বিরুদ্ধেও সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মাদকের বিরুদ্ধে লড়াইকে দেশের মানবসম্পদ, নৈতিক শক্তি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লড়াইয়ে সফল হতে হলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিচর্চার মতো সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটায়। এসব চর্চার মাধ্যমে তরুণদের নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
স্কেটিং প্রতিযোগীদের শারীরিক দক্ষতার প্রশংসা করে হাবিবুর রশিদ বলেন, রোলার স্কেটিংয়ে ভারসাম্য রক্ষা করে দক্ষতা প্রদর্শনের মতো জীবনেও ভারসাম্য বজায় রাখা জরুরি। পড়ালেখায় ভালো করার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে।
ঢাকা-৯ আসনের স্থানীয় উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার রাস্তাঘাট এবং স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান অগ্রাধিকার।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমার দল কিংবা আমার ঘনিষ্ঠ কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলেও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাবো স্কেটিং একাডেমির সাধারণ সম্পাদক মো. ফয়সাল (জয়)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাদিম এবং জয় স্কেটিং ক্লাবের সভাপতি মো. উজ্জ্বল মিয়া।












