শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ ও নবসৃষ্ট মোকামতলা উপজেলায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দুটি পৃথক সাংগঠনিক সভায় নেতাকর্মীদের এ নির্দেশনা দেন তিনি।
এ দিন প্রতিমন্ত্রী প্রথমে বগুড়ার মোকামতলা মহিলা কলেজে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাংগঠনিক সভায় এবং পরবর্তীতে শিবগঞ্জে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিবগঞ্জ, মোকামতলা উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেন।
প্রতিমন্ত্রী সভাগুলোতে তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয়সহ উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে তাদের মতামত ও প্রস্তাবনার বিষয়ে আলোচনা করেন।
মীর শাহে আলম তার বক্তব্যে ঐক্য, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
আ/আ












