• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৪:০২
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৪:০২

বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মন্ডল।

কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হস্তান্তর করা সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী সারা দেশে এসব কিট বিতরণ করা হবে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, যানজট ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে কিট হস্তান্তর অনুষ্ঠানটি কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজন করা হয়েছে। তবে কিটগুলো সরাসরি সিএমএসডিতে জমা হবে এবং সেখান থেকেই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের কোনো অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষার কিট মজুদের বিষয়েও এর আগে স্বাস্থ্যমন্ত্রী পর্যাপ্ত সরবরাহের কথা জানিয়েছিলেন।

বাংলাদেশে ডেঙ্গুর ভ্যাকসিন চালুর বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভ্যাকসিনটির ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন। কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীন একটি সরকারি হাসপাতাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com